বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে বঙ্গোপসাগর থেকে ৯ জন ভারতীয় জেলেসহ একটি ফিশিং ট্রলার জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বুধবার ফেয়ারওয়ে বয়াসংলগ্ন গভীর সাগর থেকে ট্রলারসহ ভারতীয় জেলেদের আটক করে নৌবাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যায় মোংলার ফেরিঘাটে এনে তাদের মোংলা থানায় হস্তান্তর করা হয়।
জব্দ করা এফবি এনি (FB Eni) নামক ভারতীয় ফিশিং বোটটিতে প্রায় দেড় টন টুনা মাছ রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী এই মাছের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে মৎস্য কর্মকর্তা জানান।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, মোংলা সমুদ্রবন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়াসংলগ্ন গভীর সাগর থেকে বুধবার বিকেলে টহলরত নৌবাহিনী ট্রলারটি আটক করে। আটককৃত ৯ জন ভারতীয় জেলের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগোনা জেলার কাকদ্বীপ এলাকায়।
ওসি আরও জানান, সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় জেলেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে তাদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
উল্লেখ্য, গত শুক্রবারও (১৭ অক্টোবর) নৌবাহিনী বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে আরও একটি ভারতীয় ফিশিং বোট জব্দ করেছিল।
০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিরোনাম:
বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ, ৯ ভারতীয় জেলেসহ ফিশিং ট্রলার জব্দ করলো নৌবাহিনী
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৯:২১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- ৫৯৪
সর্বাধিক পঠিত



























