যশোরের চৌগাছায় জুয়েল রানা হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামির প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৮ অক্টোবর) রিমান্ড আবেদনের শুনানি শেষে যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজ এ আদেশ দেন।
রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন চৌগাছা উপজেলার মুক্তাদাহ গ্রামের রফি পাটোয়ারির ছেলে বাবু পাটোয়ারি ও নাহিদ পাটোয়ারি এবং একই গ্রামের মৃত সিরাজ মণ্ডলের ছেলে সামিনুর মণ্ডল।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ জুন সকাল সাড়ে ৯টার দিকে মুক্তাদাহ মোড়ে বাবু হোসেনের চায়ের দোকানের সামনে একটি বেঞ্চে বসে চা পান করছিলেন জুয়েল রানা। এ সময় পূর্বপরিকল্পিতভাবে একদল ব্যক্তি ধারালো অস্ত্র, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এতে গুরুতর আহত হন জুয়েল রানা।
খবর পেয়ে তাঁর স্ত্রী মায়া খাতুন ঘটনাস্থলে গিয়ে স্বামীকে উদ্ধারের চেষ্টা করেন। এ সময় হামলাকারীরা তাঁকেও মারধর করে আহত করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
পরে গুরুতর আহত জুয়েল রানাকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং এরপর যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী মায়া খাতুন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে চৌগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান গত ১৫ অক্টোবর গ্রেপ্তার তিন আসামির প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।
বুধবার রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তের স্বার্থে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




















