অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজের ২১ ঘণ্টা পর জুনায়েদ (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব সেতুর নিচে ড্রেজার মেশিনের পাখায় আটকে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করেন স্থানীয়রা।
নিহত জুনায়েদ উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দিয়াপাড়া পূর্বাঞ্চল এলাকার শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দক্ষিণ দিয়াপাড়া পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকায় স্থানীয় কামরুল ইসলামের ছেলে ফাহিম (৭) ও জুনায়েদ একসঙ্গে ভৈরব নদে গোসল করতে নামে। একপর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হয় জুনায়েদ।
খবর পেয়ে স্থানীয়রা নদে তল্লাশি শুরু করেন। পরে নওয়াপাড়া ফায়ার সার্ভিস, নওয়াপাড়া নৌপুলিশ ও খুলনা থেকে আসা একটি ডুবুরি দল উদ্ধার অভিযানে যোগ দেয়। দীর্ঘ সময় তল্লাশি চালানোর পর বৃহস্পতিবার সকালে ভৈরব সেতুর পাশে ড্রেজার মেশিনের পাখায় শিশুটির মরদেহ আটকে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।
জুনায়েদের মৃত্যুর ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।










