যশোর প্রতিনিধি:
যশোরে ফেনসিডিল উদ্ধারের মামলায় বেনাপোলের দুই ব্যক্তিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (২৮ অক্টোবর) যশোরের বিশেষ দায়রা জজ ও জেলা দায়রা জজ এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন বেনাপোলের দক্ষিণ বারপোতা গ্রামের মহসিন মিয়ার ছেলে লিটন হাসান এবং একই গ্রামের নওশের মিস্ত্রির ছেলে মনিরুজ্জামান ভুক্কেল। তাঁদের মধ্যে মনিরুজ্জামান ভুক্কেল বর্তমানে পলাতক রয়েছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২০ সালের ৩ অক্টোবর সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানার পুটখালী এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন বিজিবির সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা পুটখালী গ্রামের মসজিদবাড়ী বিজিবি পোস্টের পাশের একটি কুলবাগানে অবস্থান নেন।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই ব্যক্তি মাথায় প্লাস্টিকের বস্তা নিয়ে পাকা রাস্তায় পৌঁছালে বিজিবি সদস্যরা তাঁদের চ্যালেঞ্জ করেন। এ সময় তাঁরা পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে লিটন হাসানকে আটক করেন। অন্য ব্যক্তি মনিরুজ্জামান ভুক্কেল বস্তা ফেলে পালিয়ে যান।
পরে লিটন হাসানের বহন করা বস্তা থেকে ১০০ বোতল এবং মনিরুজ্জামান ভুক্কেলের ফেলে যাওয়া বস্তা থেকে ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা হয় ২৪০ বোতল ফেনসিডিল।
এ ঘটনায় বিজিবির হাবিলদার হামিদুর রহমান বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। তদন্ত শেষে উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।




















