মানিলন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের হওয়া ১৯৫ কোটি টাকা পাচারের মামলায় জামিনে থাকা ক্যাসিনোকাণ্ডে আলোচিত যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান এই নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল এবং আসামিদের হাজিরা দেওয়ার জন্য দিন ধার্য ছিল। সম্রাটের পক্ষে তার আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন দণ্ডবিধির ২০৫ ধারায় আদালতে হাজিরা দাখিল করেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এই হাজিরা বাতিলের আবেদন করেন।
শুনানির সময় বিচারক আসামিপক্ষের আইনজীবীর কাছে জানতে চান, ‘সম্রাট বর্তমানে কোথায় আছেন?’ জবাবে আইনজীবী জানান, তিনি সম্রাটের সঠিক অবস্থান সম্পর্কে অবগত নন।
এরপর বিচারক আদেশ দেন যে, আগামী রোববার সম্রাটের উপস্থিতিতে মামলাটির পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
মামলার প্রেক্ষাপট:
২০২০ সালের ১৩ সেপ্টেম্বর সিআইডি’র উপ-পরিদর্শক রাশেদুর রহমান বাদী হয়ে রাজধানীর রমনা মডেল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, সম্রাট কাকরাইলের ‘মেসার্স হিস মুভিজ’ নামক প্রতিষ্ঠানে বসে মতিঝিল, ফকিরাপুল, পল্টন ও কাকরাইলসহ বিভিন্ন এলাকায় অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করতেন। ২০১৪ সালের ২৭ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ৯ আগস্ট পর্যন্ত সময়ে তিনি বিপুল পরিমাণ অবৈধ অর্থ উপার্জন করেন। এই অর্থ গোপন রাখতে সহযোগী এনামুল হক আরমানের মাধ্যমে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাচার করা হয় বলে অভিযোগ।
মামলার তথ্যানুযায়ী, প্রায় ১৯৫ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছিল। অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, সম্রাট ২০১১ সালের ২৭ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ৯ আগস্ট পর্যন্ত সময়ে ৩৫ বার সিঙ্গাপুর, তিনবার মালয়েশিয়া, দুবার দুবাই এবং একবার হংকং ভ্রমণ করেন। অন্যদিকে, তার সহযোগী এনামুল হক আরমান একই সময়ে ২৩ বার সিঙ্গাপুরে গিয়েছিলেন, যা পাচারের কার্যক্রমের অংশ হিসেবে গণ্য করা হয়েছে।
০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
ক্যাসিনো সম্রাটকে সশরীরে হাজিরার নির্দেশ আদালতের, বিদেশে ১৯৫ কোটি টাকা পাচারের অভিযোগ
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৬:২১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- ৫৭৭
সর্বাধিক পঠিত

























