দেশব্যাপী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ব্যক্তিগত তথ্য বিবরণী (পিডিএস)তে হোয়াটসঅ্যাপ সুবিধাসম্পন্ন মোবাইল নম্বর নিশ্চিত করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
রোববার (৩০ আগস্ট) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিটি মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাউশির আওতাধীন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ‘ডিজিটাল মনিটরিং সিস্টেম’ (ডিএমএস) অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম ব্যবহার করে লাইভ মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে। তবে অধিকাংশ প্রধান শিক্ষকের পিডিএসে সংরক্ষিত মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ চালু না থাকায় মাঠপর্যায়ের লাইভ মনিটরিং কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এ কারণে যেসব প্রধান শিক্ষকের পিডিএসে থাকা মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ ব্যবহারের উপযোগী নয়, তাদের আগামী ৫ কর্মদিবসের মধ্যে হোয়াটসঅ্যাপ সুবিধাসম্পন্ন মোবাইল নম্বর দিয়ে পিডিএস আপডেট করতে বলা হয়েছে।
মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের উপ-পরিচালক মো. ফিরোজুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।




















