চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতে সোনা পাচারের চেষ্টাকালে প্রায় ৭ কেজি ওজনের ৩৯টি সোনার বারসহ রবিউল ইসলাম (৩৪) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক রবিউল ইসলাম চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আহমদ আলী বিশ্বাসের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উদ্ধার হওয়া সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দামুড়হুদা উপজেলার দর্শনা থানার পারকেষ্টপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা ভারতে পাচারের চেষ্টা চলছে। এমন তথ্যের ভিত্তিতে ৬ বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়।
শনিবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে সীমান্তের ৭৮ নম্বর পিলারের দিকে মোটরসাইকেলে যাওয়ার সময় সন্দেহভাজন রবিউল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে বিভিন্ন আকারের মোট ৩৯টি সোনার বার উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া সোনার মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা।
এ সময় একটি মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১৪০ টাকাও জব্দ করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিকে জব্দকৃত মোটরসাইকেলসহ দর্শনা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে উদ্ধার হওয়া সোনার বারগুলো সরকারি নিয়ম অনুযায়ী চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, গত এক বছরে এটি বিজিবির জব্দ করা সবচেয়ে বড় সোনার চালান। সীমান্ত এলাকায় সোনা ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে গোয়েন্দাভিত্তিক অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালিত হবে।



















