যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি লাল রঙের সিএইচআর (CHR) প্রাইভেটকারও জব্দ করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে যশোর কোতোয়ালি মডেল থানার পালবাড়ী মোড়ে গড়াই পরিবহনের কাউন্টারের বিপরীত পাশে চেকপোস্ট পরিচালনা করছিল ডিবির একটি দল। এ সময় ক্যান্টনমেন্ট এলাকা থেকে পালবাড়ীর দিকে আসা একটি লাল রঙের সিএইচআর প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়।
গাড়ির চালক চৌগাছা উপজেলার আফরা গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. মনিরুজ্জামান (৩৫)-কে জিজ্ঞাসাবাদ করলে তিনি গাড়িতে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে তার দেখানো মতে গাড়ির সামনের দুই সিটের মাঝখানের টুলবক্সে রাখা একটি সিগারেটের প্যাকেট থেকে পলিথিনে মোড়ানো ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে প্রাইভেটকারটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরুজ্জামানের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ রাত ২টা ১৫ মিনিটের দিকে কোতোয়ালি থানার কচুয়া ইউনিয়নের মাথাভাঙ্গা দেয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মীর ইসলাম আলীর ছেলে মো. এরশাদ আলীকে (৪০) আটক করে। এ সময় তার কাছ থেকে আরও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার (১ আগস্ট) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া মোট ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।










