যশোরের চাঁচড়া আরএইচডি থেকে মণিরামপুরের রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার অংশ প্রশস্তকরণ ও সংস্কার কাজের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের অধীনে এ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
আজ [তারিখ] বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রায় তিন বছর আগে সড়কটি সংস্কার করা হলেও এটি সরু হওয়ায় স্থানীয় জনগণ কাঙ্ক্ষিত সুবিধা পাচ্ছিলেন না। এখন চার হাজার মিটার সড়ক প্রশস্ত করার উদ্যোগ নেওয়ায় এ অঞ্চলের যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে।
তিনি বলেন, মহান আল্লাহ জনগণের সেবা করার সুযোগ দিয়েছেন। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এলাকাবাসী জানান, সড়কটি প্রশস্ত হলে যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি স্থানীয় কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতেও এর ইতিবাচক প্রভাব পড়বে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে ভাতুড়িয়া, চাঁচড়া মধ্যপাড়া, চাঁচড়া মমিনপাড়া, দাড়িপাড়া, কালাবাগা, রূপদিয়ার একাংশ এবং মণিরামপুরের রাজগঞ্জ এলাকার একাংশের মানুষ সরাসরি উপকৃত হবেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




















