ভোলার বোরহানউদ্দিনে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতের উদ্দেশ্যে মজুদ করা বিভিন্ন ব্র্যান্ডের ১ লাখ ৩০ হাজার ৮০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৩৩ হাজার টাকা।
সোমবার (২৪ আগস্ট) রাতে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সালমান বিন শওকত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় আনোয়ার নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতের উদ্দেশ্যে মজুদ করা বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক আনোয়ার পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
অভিযান শেষে জব্দ করা ১ লাখ ৩০ হাজার ৮০০ শলাকা সিগারেট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে হাসপাতালের পূর্ব পাশের এলাকায় আনোয়ার দীর্ঘদিন ধরে বিদেশি সিগারেট মজুদ করে বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। শুল্ক ফাঁকি দিয়ে কম দামে সংগ্রহ করা এসব সিগারেট পরে বেশি দামে বাজারজাত করা হতো বলেও দাবি স্থানীয়দের।
এ ধরনের অবৈধ বেচাকেনার কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে মনে করছেন তারা। একই সঙ্গে অবৈধ বিদেশি সিগারেটের সরবরাহ বন্ধে আরও কঠোর নজরদারি ও অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
অভিযোগের বিষয়ে আনোয়ারের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করে ব্যস্ততার কথা জানিয়ে লাইন কেটে দেন।
কোস্টগার্ড দক্ষিণ জোন জানিয়েছে, চোরাচালান, শুল্ক ফাঁকি এবং অবৈধ পণ্য মজুদ ও বাজারজাতকারীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
Tags: #ভোলা #বোরহানউদ্দিন #কোস্টগার্ড #বিদেশিসিগারেট #সিগারেটজব্দ #চোরাচালান #শুল্কফাঁকি #অবৈধসিগারেট #ভোলারসংবাদ #বাংলাদেশ




















