যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকা থেকে প্রায় ৪৪ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের দুটি স্বর্ণের বারসহ ময়ুর (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। এ সময় তার কাছ থেকে ১৯২ দশমিক ৪৫ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার, একটি স্মার্টফোন এবং নগদ ১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।
আটক ময়ুর মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার গোবিন্দল গ্রামের ধলু মিয়ার ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, ময়ুরের শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের বার দুটি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণের বার দুটি ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
বিজিবির তথ্য অনুযায়ী, জব্দ করা স্বর্ণের বাজারমূল্য ৪৪ লাখ ৫৯ হাজার ৬৬ টাকা। এছাড়া স্মার্টফোন ও নগদ অর্থসহ জব্দ করা মালামালের মোট মূল্য ৪৪ লাখ ৭০ হাজার ৬৬৬ টাকা।
এ ঘটনায় মামলা দায়েরের পর আটক ময়ুরকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। স্বর্ণ ও পাচারকারীদের আটকের লক্ষ্যে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।




















