শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী সোমবার নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রায় ঘোষণার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, এ ঘটনায় আছিয়ার মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি আলোচিত হওয়ার পর দ্রুত বিচার কার্যক্রম শুরু হয়।
২০২৫ সালের ২৩ এপ্রিল মামলাটির বিচার শুরু হয়। মাত্র ১৩ কার্যদিবসে সাক্ষ্যগ্রহণসহ বিচারিক কার্যক্রম শেষ হওয়ার পর একই বছরের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান রায় ঘোষণা করেন।
রায়ে মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে আছিয়ার বোনের স্বামী সজীব শেখ, বোনের দেবর ও শাশুড়িকে অভিযোগ থেকে খালাস দেন আদালত।
ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে আসে। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিপক্ষও রায়ের বিরুদ্ধে আপিল করে।
পরবর্তীতে হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের শুনানি শেষ হওয়ার পর মঙ্গলবার মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। তবে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে রায় ঘোষণা স্থগিত করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী সোমবার হাইকোর্টে শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করা হবে।
মামলাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শিশু আছিয়ার ওপর সংঘটিত অপরাধের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামির মৃত্যুদণ্ড বহাল থাকবে কি না, নাকি হাইকোর্টের রায়ে পরিবর্তন আসবে—সেদিকেই এখন নজর সংশ্লিষ্টদের।




















