যশোর সদর ফাঁড়ির মাদকবিরোধী ধারাবাহিক অভিযানে চাঁচড়া রায়পাড়ার আলোচিত মাদক কারবারি হিসেবে পরিচিত প্রিয়া খাতুন ও তার মা সাহানারা বেগমকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৫টার দিকে চাঁচড়া রায়পাড়া তেঁতুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ওই সময় যশোর সদর পুলিশ ফাঁড়ির একটি দল রেলস্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, চাঁচড়া রায়পাড়া তেঁতুলতলা এলাকায় কয়েকজন নারী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করছেন।
খবর পেয়ে সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমানুল্লাহর নেতৃত্বে এসআই নুর উন নবী, এসআই শামীম ও এটিএসআই আতাউর রহমানের সমন্বয়ে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে প্রিয়া খাতুন ও সাহানারা বেগমকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে সাহানারা বেগমের কাছ থেকে সাদা পলিথিনে মোড়ানো ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং প্রিয়া খাতুনের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই নারী দীর্ঘদিন ধরে রহিম ও তার স্ত্রী আছিয়ার কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে খুচরা বিক্রি করে আসছিলেন বলে তথ্য দিয়েছেন।
পুলিশ আরও জানায়, আটক প্রিয়া খাতুন ও সাহানারা বেগমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর আগে তারা একাধিকবার কারাভোগও করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মাদক সরবরাহের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।




















