বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাদিপুর এলাকায় এক নারীর শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মামলার অভিযোগ অনুযায়ী, সাদিপুর এলাকার বাসিন্দা ও স্থানীয় ওয়ার্ড জামায়াতের সভাপতি জামির হোসেন (৪৫), জালাল হোসেনের ছেলে, একই এলাকার এক জামায়াত কর্মীর স্ত্রী রেদেনা খাতুনকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। অভিযোগে বলা হয়েছে, একপর্যায়ে তিনি জোরপূর্বক ওই নারীর শ্লীলতাহানি এবং ধর্ষণের চেষ্টা করেন।
ভুক্তভোগী নারী ঘটনার বিচার চেয়ে বেনাপোল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে অভিযুক্ত জামির হোসেনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
পুলিশ আরও জানিয়েছে, মামলার তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।





















