সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় নতুন তথ্য দিয়েছে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভাইরাল ভিডিওটি এআই-নির্মিত নয়, বরং আসল।
মঙ্গলবার রিউমর স্ক্যানারের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রিউমর স্ক্যানার জানায়, গাজী নজরুল ইসলামের ভাইরাল হওয়া ব্যক্তিগত ভিডিওকে ‘এআই দিয়ে তৈরি’ দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য পোস্ট ছড়িয়ে পড়ে। তবে তাদের অনুসন্ধানে ভিডিওটি এআই-নির্মিত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ফ্যাক্ট-চেক প্রতিষ্ঠানটির বিশ্লেষণ অনুযায়ী, দীর্ঘ ভিডিওটিতে দৃশ্যগত কোনো অসামঞ্জস্য দেখা যায়নি। ভিডিওটির অডিওতেও কোনো অস্বাভাবিকতা বা অসংগতি শনাক্ত করা যায়নি। কনটেন্টের বিভিন্ন উপাদান পৃথকভাবে বিশ্লেষণ করেও ভিডিওটি কৃত্রিমভাবে তৈরি—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জামায়াতের পক্ষ থেকে এটিকে ‘ফেক’ ও ‘এআই-নির্মিত’ বলে দাবি করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে ফ্যাক্ট-চেক প্রতিষ্ঠানগুলোর বিশ্লেষণে ভিডিওটি আসল বলে চিহ্নিত হওয়ার পর জেলা জামায়াতের পক্ষ থেকে ওই নারীকে এমপির দ্বিতীয় স্ত্রী বলে দাবি করা হয়েছে।
তবে ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা রক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





















