যশোর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে যশোর জেলা বিএনপি। আগামী ১ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত এসব কর্মসূচি পালন করা হবে।
যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।
কর্মসূচির প্রথম দিন ১ সেপ্টেম্বর সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। পরে সকাল সাড়ে ১০টায় কারবালা কবরস্থানে বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামসহ দলের প্রয়াত নেতাদের কবর জিয়ারত করবেন নেতাকর্মীরা।
একই দিন বিকেল ৪টায় যশোর টাউন হল ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মনিহার চত্বরে গিয়ে শেষ হবে।
২ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন এবং পৌরসভার ৯টি ওয়ার্ডে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হবে।
পাঁচ দিনের কর্মসূচির শেষ দিনে ৫ সেপ্টেম্বর যশোর টাউন হল ময়দানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।










