বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সব রাজনৈতিক ক্ষমতার উৎস দেশের গণতন্ত্রকামী জনগণ বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপির মূল লক্ষ্য একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে দলের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান তিনি।
বাণীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তারেক রহমান।
তিনি বলেন, সাহস, সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের মধ্য দিয়ে বিএনপি ৪৮ বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি দলের নেতা-কর্মী ও দেশের মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা এবং প্রেরণার।
বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে তারেক রহমান বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা বটমূলে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তার মতে, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে বিএনপির প্রতিষ্ঠা ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
তারেক রহমান দাবি করেন, ১৯৭৫ সালে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের বাক্স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার সংকুচিত করা হয়েছিল। পরবর্তীতে জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং রাজনৈতিক দলগুলোর রাজনীতির সুযোগ ফিরিয়ে দেন।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, তখন বিএনপির নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা জনগণের সঙ্গে থেকে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে নিহত ও আহত নেতা-কর্মীদেরও স্মরণ করেন তিনি।
বিএনপির সরকার পরিচালনার প্রসঙ্গে তারেক রহমান বলেন, জনগণ যখন অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তখন বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। বিভিন্ন সময়ে ক্ষমতায় থেকে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের শাসন-শোষণের অবসানের পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ আবার বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে দলটি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিদান দিতে চায়।
জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে বিএনপি সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে তারেক রহমান নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের জনগণের আস্থা অক্ষুণ্ন রেখে দেশসেবায় নিজেদের নিয়োজিত রাখার আহ্বান জানান।
প্রতিষ্ঠাবার্ষিকীর বাণীতে তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে দেশের গণতন্ত্রকামী জনগণই দলটির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রামের সঙ্গে বিএনপির রাজনৈতিক পরিচয় জড়িয়ে রয়েছে।










