যশোর শহরের আরবপুর দিঘীরপাড় এলাকায় একটি ভ্যারাইটি স্টোর ও বিকাশের দোকান থেকে নগদ ২ লাখ ৮১ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে। চুরির ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
এ ঘটনায় দোকান মালিক শরীফ এনামুল হক শিপন কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আরবপুর দিঘীরপাড় এলাকায় ‘ডে-নাইট ফার্মা’ নামে তার একটি ভ্যারাইটি স্টোর ও বিকাশ লেনদেনের দোকান রয়েছে। সোমবার সন্ধ্যায় তিনি দোকান খোলা রেখে পাশেই অবস্থান করছিলেন।
এ সময় তার অনুপস্থিতির সুযোগ নিয়ে এক যুবক কৌশলে দোকানের ভেতরে প্রবেশ করে। পরে বিকাশ লেনদেনের ক্যাশ কাউন্টারে রাখা টাকা না পেয়ে দোকান মালিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেন। ফুটেজে এক যুবককে দোকানের ভেতরে প্রবেশ করে টাকা নিয়ে চলে যেতে দেখা যায় বলে অভিযোগ করেন তিনি।
ঘটনাটি নিশ্চিত হওয়ার পর দোকান মালিক বিষয়টি জানিয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য পর্যালোচনা করে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।










