কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের এক সেনাসদস্য ও দুই পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২১ জুলাই) দুপুরে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে আটক তিনজনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আটকরা হলেন—হেউন ডে টে (৩৮), কিয়াও নাইং (৩৫) ও থেইন জও (৩৩)। তাদের মধ্যে হেউন ডে টে মিয়ানমার সেনাবাহিনীর সদস্য এবং অপর দুজন দেশটির পুলিশ সদস্য। তাদের বাড়ি মিয়ানমারের ইয়াঙ্গুন ও মংডু এলাকায় বলে জানা গেছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, অনুপ্রবেশের অভিযোগে আটক তিন মিয়ানমার নাগরিককে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে তাদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হবে।
সীমান্তে মিয়ানমারের চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।




















