যশোর-খুলনা মহাসড়কের মুড়লী মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় পৌনে দুই কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (আজ) ভোর ৬টা ৩০ মিনিটে ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি’র সার্বিক দিক নির্দেশনায় এই অভিযান চালানো হয়।
আটককৃত পাচারকারীর নাম শেখ অলিউল্লা (২৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার মধ্য কোটিয়া গ্রামের শেখ আরিজুল্লার ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুড়লী মোড় এলাকায় অভিযান চালিয়ে অলিউল্লাহকে আটক করা হয়। তল্লাশির সময় তার কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১ কেজি ২০ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার এবং ১.৪৫ গ্রাম ওজনের ১টি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়। এছাড়া, তার কাছ থেকে ১টি মোবাইল ফোন এবং নগদ ১,৭৬০ টাকা জব্দ করা হয়।
জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৮৩ লাখ ২ হাজার ৩৪১ টাকা। অন্যান্য জিনিসসহ জব্দকৃত মালামালের মোট মূল্য ১ কোটি ৮৩ লাখ ২৪ হাজার ১০১ টাকা বলে জানিয়েছে বিজিবি।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অলিউল্লাহ স্বীকার করেছে যে সে ঢাকা থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করেছিল এবং যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। সে আরও জানায়, ঢাকার যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারীদের কাছ থেকে এই স্বর্ণ সংগ্রহ করা হয়েছিল।
এ ঘটনায় আটক পাচারকারীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
০৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিরোনাম:
যশোরে বিজিবির অভিযানে কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক, মুড়লী মোড়ে জব্দ ৮টি স্বর্ণের বার
-
নিউজ ডেস্ক - আপডেট: ০১:১৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- ৫৬৫
সর্বাধিক পঠিত



























