ঝিনাইদহের কালীগঞ্জে দৈনিক রূপান্তর প্রতিদিন পত্রিকার স্থানীয় প্রতিনিধি আসাদুজ্জামান সনেটকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১০টার দিকে বারবাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, সাংবাদিক আসাদুজ্জামান সনেট মঙ্গলবার রাত ১০টার দিকে বারবাজার এলাকার গাজিকালু চম্পাবতী মাজারের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় ৩ থেকে ৫ জন দুর্বৃত্ত তার গতিরোধ করে।
সাংবাদিক সনেট তাদের কাছে গতিরোধের কারণ এবং তাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার কারণ জানতে চান। এতে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালি দিতে শুরু করে। সনেট গালি দিতে নিষেধ করলে, তাদের মধ্যে থাকা এক হামলাকারী চাইনিজ কুড়াল বের করে সাংবাদিক সনেটের মাথায় আঘাত করে।
সনেটের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় সাংবাদিকরা গুরুতর আহত সনেটকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে, সাংবাদিকের ওপর হামলার খবর শুনে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ রাতেই হাসপাতালে ছুটে যান এবং আহত সাংবাদিকের চিকিৎসার খোঁজখবর নেন। একই সময়ে স্থানীয় অন্যান্য সংবাদকর্মীরাও হাসপাতালে ভিড় করেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, “আমরা ঘটনা শুনেছি। আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।”
০৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম:
ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিককে কুপিয়ে গুরুতর আহত করল দুর্বৃত্তরা; হামলা ফেসবুকে ‘আপত্তিকর পোস্ট’ নিয়ে
-
নিউজ ডেস্ক - আপডেট: ১১:৪৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- ৫৯১
সর্বাধিক পঠিত



























