বগুড়ায় বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে চলন্ত বাসে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত বাসচালক সাকিব হাসানকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
গত সোমবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে অভিযুক্ত চালককে গ্রেফতার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে ওই স্কুলছাত্রী তার এক বন্ধুর সঙ্গে সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে ‘আর কে ট্রাভেলস’ নামে একটি বাসে করে বগুড়ার দিকে যাচ্ছিল। বাসটি বগুড়া শহরে প্রবেশের আগে চালক সাকিব এবং বাসের অন্য কর্মচারীরা মিলে মেয়েটির বন্ধুকে ভয় দেখিয়ে বাস থেকে নামিয়ে দেন। এরপর চলন্ত বাসের মধ্যেই চালক সাকিব ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে।
বিকেলে চালক সাকিব মেয়েটিকে নিয়ে ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে অন্যান্য পরিবহন শ্রমিকরা বিষয়টি টের পেয়ে মেয়েটিকে উদ্ধার করেন। তবে এরপরই ‘আর কে পরিবহন’-এর কাউন্টারের দায়িত্বে থাকা কয়েকজন শ্রমিক অভিযুক্ত চালক সাকিবকে চড়-থাপ্পড় মেরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এবং ভুক্তভোগী শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে দ্রুত আরেকটি বাসে করে সিরাজগঞ্জের দিকে পাঠিয়ে দেন।
এই অভিযোগের ভিত্তিতে বগুড়া জেলা পুলিশ অভিযুক্ত চালকসহ জড়িতদের গ্রেফতার এবং ভুক্তভোগী স্কুলছাত্রীকে উদ্ধারে অভিযান শুরু করে। পরে অভিযান চালিয়ে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে অভিযুক্ত চালক সাকিবকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, “খবর পাওয়ার পরপরই অভিযুক্তদের গ্রেফতারে এবং ভুক্তভোগী স্কুলছাত্রীকে উদ্ধারে আমরা পদক্ষেপ নিই। আমরা অভিযুক্ত বাসচালককে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এই ঘটনায় জড়িত অন্যদের বিষয়ে আমাদের একাধিক দল কাজ করছে।”
০২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
শিরোনাম:
বগুড়ায় চলন্ত বাসে স্কুলছাত্রী ধর্ষণের শিকার, অভিযুক্ত চালক গ্রেফতার
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৭:৫১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- ৫৭১
সর্বাধিক পঠিত


























