সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ মহাষ্টমীর মধ্য দিয়ে শুরু হচ্ছে। ইতোমধ্যে আলোকসজ্জা, ঢাকের বাদ্য আর মণ্ডপে মণ্ডপে সাজসজ্জায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র।
এবার পূজার বিশেষ আকর্ষণ হিসেবে আলোচনায় এসেছে পাবনার ঈশ্বরদীর পাকশী হরিজনপল্লীর এক ব্যতিক্রমী প্রতিমা। সেখানে তৈরি হয়েছে ২৫ মুখ ও ৫০ হাতের দেবী দুর্গা, যা দেবীর ‘চামুণ্ডা’ বা ‘রণংদেহী’ রূপের প্রকাশ। প্রতিমার এই অনন্য রূপে দুটি সিংহ, একটি অসুর এবং একটি মহিষাসুরও থাকছে। আয়োজকদের দাবি, দেশে এর আগে কোথাও এমন বহু-মুখো ও বহু-হাতের প্রতিমা তৈরি হয়নি।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২২ সালে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর লম্বোদরপুরে প্রথমবার ২৫ মুখ ও ৫০ হাতের দুর্গা প্রতিমা নির্মিত হয়েছিল। সেই অনুপ্রেরণাতেই পাকশীতে এই অনন্য প্রতিমা তৈরি করা হয়েছে। তারা আশা করছেন, এবারের পূজার মূল আকর্ষণ হবে এই প্রতিমা, যা দেখতে দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করছেন।
এদিকে, দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানিয়েছেন, পূজা মণ্ডপগুলোতে পুলিশ ও আনসারের টহল জোরদার করা হয়েছে এবং প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা বসানো হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা পুরোপুরি প্রস্তুত। সনাতন ধর্মাবলম্বীরা মনে করছেন, শক্তির দেবী দুর্গার এই ভিন্ন রূপ যেমন ভক্তদের আকর্ষণ করছে, তেমনি এটি সবার মাঝে শুভ ও কল্যাণের বার্তা ছড়িয়ে দেবে।
০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
শিরোনাম:
মহাষ্টমীতে শুরু শারদ উৎসব: পাকশীতে ২৫ মুখ ও ৫০ হাতের দেবী দুর্গা
মহাষ্টমীতে শুরু শারদ উৎসব: পাকশীতে ২৫ মুখ ও ৫০ হাতের দেবী দুর্গা
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৭:১৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- ৫৬৯
সর্বাধিক পঠিত



























