সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ এখন শেষ পর্যায়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত ৪৭ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। প্রসিকিউশনের ৪৭তম সাক্ষী হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম তার সাক্ষ্য প্রদান করেছেন। বর্তমানে আসামিপক্ষের কৌঁসুলি তাকে জেরা করছেন, যা আগামীকাল, অর্থাৎ রোববারও চলবে।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট গাজী এম এইচ তামিম জানান, নাহিদ ইসলামের জেরা শেষ হওয়ার পর মামলার তদন্ত কর্মকর্তা তার সাক্ষ্য দেবেন। এরপর মামলাটি যুক্তিতর্কের পর্যায়ে প্রবেশ করবে এবং সবশেষে বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল রায়ের দিন ধার্য করবেন।
মামলার প্রেক্ষাপট
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহালের রায়ের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। সরকারের সাড়া না পেয়ে এই আন্দোলন সরকারবিরোধী রূপ নেয়। আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়, যাতে বহু মানুষ নিহত এবং ২৫ হাজারেরও বেশি মানুষ আহত হন। এই সহিংসতার জেরে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন।
৮ আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। জুলাইয়ের গণআন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ তদন্তের জন্য নতুন তদন্ত দল গঠন করা হয়। চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট এম তাজুল ইসলাম হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের অভিযোগে একাধিক মামলা করেন। ২০২৪ সালের ১৭ অক্টোবর ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
২০২৫ সালের ১২ মে তদন্ত সংস্থা শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এ কে এম আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন দাখিল করে। এরপর ১০ জুলাই ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে তাদের বিচার শুরুর আদেশ দেয়। ৩ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সাক্ষীদের মধ্যে রয়েছেন আহত ব্যক্তি, প্রত্যক্ষদর্শী এবং রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তারা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ড দাবি করেছেন।
০৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম:
শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে
শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে
-
নিউজ ডেস্ক - আপডেট: ০১:৩২:০২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- ৫৬১
সর্বাধিক পঠিত



























