ফরিদপুরের মধুখালী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে অ্যাম্বুলেন্স ও লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার আড়কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মাগুরা থেকে ছেড়ে আসা ‘কিং ফিশার’ নামের একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হন আরও চারজন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়।
মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শামিম রেজা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে দুর্ঘটনার বিস্তারিত কারণ এবং হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।




















