বান্দরবানের থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। সড়কটির সংস্কারকাজ শেষ করে চলাচলের উপযোগী না করা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল ফয়সালের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, থানচি-আলীকদম অভ্যন্তরীণ সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ কারণে সংস্কারকাজ শেষ করে সড়কটি চলাচলের উপযোগী না করা পর্যন্ত পর্যটকবাহী যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় মোটরসাইকেলসহ হালকা ও ভারী সব ধরনের যানবাহন রয়েছে।
ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল ফয়সাল গণমাধ্যমকে জানান, তিন্দু বাজারের সংযোগ সড়কটির সংস্কারকাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। বর্তমানে সেখানে সংস্কারকাজ চলছে। সড়কের বিভিন্ন অংশ ভাঙাচোরা থাকায় চলাচলের সময় পর্যটকেরা দুর্ঘটনার শিকার হচ্ছেন।
তিনি আরও জানান, পর্যটকেরা আলীকদম হয়ে থানচির তিন্দু এলাকায় গেলে তাঁদের বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে প্রয়োজনীয় তথ্য থাকে না। ফলে কোনো দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জটিলতা তৈরি হয়।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর বিকেলে আলীকদম-তিন্দু সংযোগ সড়কের আগোয়াপাড়া এলাকায় পর্যটকবাহী একটি গাড়ি খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় চকরিয়ার খুটাখালী এলাকার দুই যুবক নিহত হন। আহত হন আরও পাঁচজন।
সড়কটির ঝুঁকিপূর্ণ অংশ সংস্কার করে নিরাপদ চলাচল নিশ্চিত না করা পর্যন্ত পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।





















