যশোর প্রতিনিধি:
যশোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় যশোর জেলা আইনজীবী সমিতির ভবন মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মতবিনিময় সভায় অনিন্দ্য ইসলাম অমিত যশোরের পুরাতন জজ আদালত ভবন পুনর্নির্মাণসহ আদালত-সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয় তুলে ধরেন। তিনি বলেন, আদালত অঙ্গনের অবকাঠামোগত উন্নয়ন এবং আইনজীবীদের পেশাগত পরিবেশ আরও কার্যকর করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত ভূমিকা প্রয়োজন।
তিনি বলেন, “বার ও বেঞ্চের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোরের আহ্বায়ক দেবাশীষ দাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম ও মোহাম্মদ ইসহক। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোরের সদস্য হাজী আনিসুর রহমান মুকুলসহ আইনজীবী ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।
সভা পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোরের সদস্য সচিব এম গফুর।
মতবিনিময় সভায় আইনজীবীদের সাংগঠনিক কার্যক্রম, পেশাগত দায়িত্ব পালন, বার ও বেঞ্চের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা এবং যশোরের আদালত-সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয়।





















