যশোরে পারিবারিক কলহের জেরে তিন নারীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। আহত তিনজন বর্তমানে যশোর সদর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন—মনিরামপুর উপজেলার চালকিডাঙ্গা গ্রামের তাহমিনা আক্তার নিভা (২৪), লাভলী (২৩) ও নাসিরন (৫০)। তাহমিনা ও লাভলী মোতালেবের মেয়ে এবং নাসিরন তাঁর স্ত্রী।
অভিযুক্তরা হলেন যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের বানিয়ারগাতি গ্রামের আলী রাজ (২৮), তাঁর ভাই জিহাদ (১৮) এবং বাবা রাজ্জাক (৬০)। তাহমিনা অভিযুক্ত আলী রাজের স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে স্বামীর বাড়িতে অবস্থানকালে পারিবারিক কলহের জেরে তাহমিনা আক্তার নিভাকে মারধর করা হয়। এতে তিনি আহত হন। পরে তিনি বিষয়টি বাবার বাড়ির স্বজনদের জানান।
এরপর শনিবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে তাহমিনাকে দেখতে তাঁর স্বামীর বাড়িতে যান লাভলী ও নাসিরন। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে আলী রাজ, জিহাদ ও রাজ্জাক তাদের ওপরও হামলা করে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে আহত অবস্থায় তিন নারীকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানা গেছে।




















