পাকিস্তানের সঙ্গে চার দিনের সংঘাত চলাকালে পরিচালিত ভারতের ‘অপারেশন সিঁদুর’-এ হতাহতের তথ্য নিয়ে সংসদকে বিভ্রান্ত করার অভিযোগ এনে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পদত্যাগ দাবি করেছে বিরোধী দল কংগ্রেস। একই সঙ্গে এ ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বানও জানিয়েছে দলটি।
সংবাদমাধ্যম দ্য ওয়ার্ল্ড-এর এক প্রতিবেদনে বলা হয়, কংগ্রেসের অভিযোগ, সংঘাতে নিহত সেনাসদস্যদের তথ্য গোপন করে সরকার শুধু সংসদকেই বিভ্রান্ত করেনি, বরং নিহতদের প্রাপ্য রাষ্ট্রীয় সম্মান থেকেও বঞ্চিত করেছে।
সরকারি তথ্য অনুযায়ী, পাকিস্তানের সঙ্গে ওই চার দিনের সংঘাতে মোট ছয়জন ভারতীয় সেনাসদস্য নিহত হন। তাদের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর পাঁচজন এবং ভারতীয় বিমানবাহিনীর একজন সদস্য ছিলেন।
এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কংগ্রেসের সেনাসদস্যবিষয়ক বিভাগের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল রোহিত চৌধুরী এবং অবসরপ্রাপ্ত উইং কমান্ডার অনূমা আচার্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন।
উইং কমান্ডার অনূমা আচার্য বলেন, অতীতের সরকারগুলো দায়িত্ব পালনকালে নিহত প্রতিটি সেনাসদস্যকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানিয়েছে। কিন্তু বর্তমান সরকার সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে।
তিনি অভিযোগ করেন, “মোদি সরকার সেনাবাহিনী ও সেনাসদস্যদের রাজনৈতিকভাবে ব্যবহার করছে। তারা বারবার দেশ ও সেনাসদস্যদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।”
অবসরপ্রাপ্ত কর্নেল রোহিত চৌধুরী অভিযোগ করেন, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নির্বাচনের সময় সেনাবাহিনীর নাম ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে।
তার ভাষ্য, “প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সংসদে বলেছিলেন, কোনো সেনাসদস্য নিহত হননি। তখন বিজেপির সংসদ সদস্যরা হাততালি দিয়েছিলেন। রাজনাথ সিং দেশের সেনাবাহিনী ও সেনাসদস্যদের অপমান করেছেন। আমরা তার পদত্যাগ দাবি করছি।”
তিনি আরও প্রশ্ন তোলেন, যদি সংঘাতে সেনাসদস্য নিহত হয়ে থাকেন, তাহলে তাদের পরিচয় প্রকাশ করতে সরকারের ১৩ মাস সময় লাগল কেন।
কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বিরুদ্ধে সংসদে বিশেষ অধিকার লঙ্ঘনের অভিযোগ আনার জন্য দলীয় নেতৃত্বের কাছে সুপারিশ করা হবে।
তবে কংগ্রেসের এসব অভিযোগের বিষয়ে ভারত সরকার বা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।




















