যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তের সাদিপুর এলাকায় ১০ থেকে ১২ জন বাংলাদেশিকে জোরপূর্বক দেশে ঠেলে পাঠানোর চেষ্টা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও বিজিবির কঠোর অবস্থান ও তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর থেকে ওই ব্যক্তিরা সাদিপুর গ্রামের বোম্বে তলা এলাকার খড়ের মাঠে, জিরো লাইনের কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান করছেন। বিষয়টি জানাজানি হলে সীমান্ত এলাকায় উদ্বেগ দেখা দেয়। তবে পরিস্থিতি মোকাবিলায় বিজিবি দ্রুত পদক্ষেপ নেয় এবং টহল কার্যক্রম জোরদার করে।
বিজিবি সূত্র জানায়, ১৯/৬ এস বিজিবি এবং প্রতিপক্ষ ৬৭ বিএসএফের জয়ন্তীপুর ক্যাম্পের সদস্যদের মধ্যে সীমান্ত পরিস্থিতি নিয়ে সতর্ক নজরদারি চলছে। অভিযোগ রয়েছে, রাতের আঁধারে সীমান্তের লাইট বন্ধ রেখে প্রায় ১০০ থেকে ১১০ জনকে সাদিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। তবে বিজিবির দ্রুত ও দৃঢ় অবস্থানের কারণে সেই প্রচেষ্টা সফল হয়নি।
এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে সন্দেহজনক গতিবিধি নজরে আসার সঙ্গে সঙ্গেই বিজিবি সতর্ক অবস্থান গ্রহণ করে। ফলে বড় ধরনের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে কাঁটাতারের বেড়ার পাশে অবস্থানরত ১০ থেকে ১২ জন ব্যক্তিকে নিবিড় নজরদারিতে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে এবং বিজিবির টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।










