দেশে হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২ জনে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১১১ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ দেখা দিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে মারা যাওয়া তিন শিশুর মধ্যে চট্টগ্রাম, নোয়াখালী ও ঢাকার একজন করে রয়েছে।
হালনাগাদ তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৯ হাজার ৮২২ জনে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৯৬৭ জন। একই সময়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭১ শিশু। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৪৩ হাজার ৮৬৪ শিশু।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া দুজনের একজন চট্টগ্রাম বিভাগের (সিটি করপোরেশন এলাকার বাইরে) এবং অন্যজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। মৃতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।
নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৪৯ জন ঢাকা বিভাগে (সিটি করপোরেশন এলাকার বাইরে)। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৯৬, ময়মনসিংহে ৭৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬২, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬১, খুলনায় ৬০, রংপুরে ৩৮, রাজশাহীতে ৩৩ এবং বরিশাল বিভাগে ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে পুরুষ ৬৫ দশমিক ৭ শতাংশ এবং নারী ৩৪ দশমিক ৩ শতাংশ।




















