ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বাংলাদেশ সময় সোমবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত গণনার তথ্যে দেখা গেছে, দলটি ১৯৪টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস রয়েছে ৯৪টি আসনে—যা তাদের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ১৪৮টি আসন। সেই হিসেবে বিজেপি ইতোমধ্যেই সরকার গঠনের পথে অনেকটাই এগিয়ে।
বিজেপির শীর্ষ নেতারা, বিশেষ করে বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী, দাবি করেছেন যে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে এবং রাজ্যে নতুন সরকার গঠন করবে তাদের দল।
ফলাফলের এই ধারা সামনে আসতেই রাজ্যজুড়ে বিজেপি সমর্থকদের মধ্যে উদ্যাপনের আমেজ তৈরি হয়েছে। একই সঙ্গে কে হচ্ছেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী—তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে।
সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে, তাদের মধ্যে রয়েছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং স্বপন দাশগুপ্ত। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইঙ্গিত দিয়েছিলেন, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী একজন বাঙালি হবেন।
এখন চূড়ান্ত ফলাফলের দিকেই তাকিয়ে রয়েছে সবাই—কার হাতে উঠবে পশ্চিমবঙ্গের ক্ষমতার মসনদ, সেটিই দেখার বিষয়।




















