পুলিশের বর্তমান পোশাক ও লোগো পরিবর্তন করে আগের খাকি রঙের আদলে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে সরকার। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার দুপুরে সচিবালয়ে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, পুলিশের বর্তমান পোশাক অনেকের কাছেই গ্রহণযোগ্য মনে হচ্ছে না। তাই বাহিনীর সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি এবং জনবান্ধব ভাবমূর্তি গড়ে তুলতে পুরনো কাঠামোর খাকি প্যান্টসহ পোশাক ফিরিয়ে আনার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে।
সভায় বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) ব্যবস্থাপনা, সমন্বয় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি। ক্যাম্পের ভেতর ও বাইরে নিরাপত্তা জোরদার, যৌথ অভিযান পরিচালনা এবং সার্বিক ব্যবস্থাপনা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা যায়।
এ সময় ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন আসামির জামিন পাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, জামিন দেওয়া বা না দেওয়া সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ার। বিচারিক প্রক্রিয়া অনুযায়ী আদালত সিদ্ধান্ত নেন। তবে জামিন পেলেও কোনো অপরাধী শেষ পর্যন্ত ছাড় পাবে না বলেও তিনি স্পষ্ট করেন।




















