যশোর বড় বাজারের মাছ বাজারে ভারতীয় ইলিশের নির্ধারিত মূল্য ও ক্রয়-বিক্রয়ের কাগজপত্র যাচাইয়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় কর্ণফুলী ফিস নামের একটি আড়তকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বড় বাজারের মাছ বাজারের বিভিন্ন খুচরা ও পাইকারি দোকান মনিটরিং করা হয়।
অভিযান চলাকালে কর্ণফুলী ফিসের মালিক শামীম হোসেন ভারতীয় ইলিশের নির্ধারিত মূল্য এবং আমদানি ও সরবরাহসংক্রান্ত ক্রয়-বিক্রয়ের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি আড়ত কর্তৃপক্ষকে নির্ধারিত মূল্যে ভারতীয় ইলিশ বিক্রি এবং আমদানি-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে ভারতীয় ইলিশের ক্রয় ও বিক্রয়মূল্য নিয়মিত মনিটরিং করা হবে।




















