স্পোর্টস ডেস্ক,
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাড-হক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন তামিম ইকবাল। গত বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী ৩ মে বোর্ড সভার মাধ্যমেই নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের। সবকিছু ঠিক থাকলে পরবর্তী ৩০ থেকে ৪৫ দিনের মধ্যেই বিসিবি নির্বাচন সম্পন্ন হতে পারে।
উল্লেখ্য, বিগত নির্বাচনে অনিয়মের অভিযোগে আগের বোর্ড ভেঙে দিয়ে ১১ সদস্যের অ্যাড-হক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এই কমিটির প্রধান দায়িত্ব ছিল ৩ মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। তামিম ইকবাল জানান, নির্ধারিত ডেডলাইনের অন্তত ২-৩ সপ্তাহ আগেই তারা নির্বাচন শেষ করতে চান।
বিগত নির্বাচনগুলোতে জেলা ও বিভাগীয় পর্যায়ে কাউন্সিলর মনোনয়ন নিয়ে যে বিতর্ক ছিল, তা দূর করার প্রতিশ্রুতি দিয়ে তামিম বলেন, “আমরা যেহেতু ফেয়ার নির্বাচন নিয়ে এত কথা বলেছি, ইনশাআল্লাহ আমাদের অধীনে আমরা একটা ফেয়ার নির্বাচন উপহার দেব। কাউকে নিজের পছন্দমতো বের করে দেওয়া বা ঢোকানোর মতো অনৈতিক চর্চা এখানে হবে না।”
নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে তামিম ইকবাল বলেন, “আমি অবশ্যই নির্বাচনে অংশ নেব। বিসিবির বিদ্যমান গঠনতন্ত্র মেনেই আমি এগোব। তবে আমাদের কমিটির কোনো অধিকার নেই গঠনতন্ত্র সংশোধন করার, আমরা শুধু বর্তমান নিয়ম মেনেই একটি স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করব।”
সংবাদ সম্মেলনে তামিম আরও স্পষ্ট করেন যে, বর্তমান অ্যাড-হক কমিটি থেকে এখনই পদত্যাগের কোনো চিন্তাভাবনা তার নেই। যথাযথ আইনি প্রক্রিয়া এবং গঠনতন্ত্রের শতভাগ প্রতিফলন ঘটিয়েই ক্রিকেট বোর্ডের পরবর্তী নেতৃত্ব নির্বাচন করা হবে।


















