ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দুই হেভিওয়েট প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী-এর মোবাইল ফোন বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। সোমবার (৪ মে) একটি গণনাকেন্দ্র পরিদর্শনের সময় এ নির্দেশনা দেওয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুল-এ স্থাপিত গণনাকেন্দ্রে প্রবেশের সময় তাদের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, গণনাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
একই কেন্দ্রে গিয়ে বিক্ষোভের মুখেও পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। তার গাড়ির সামনে ‘চোর চোর’ স্লোগান দেন বিজেপি সমর্থকেরা, এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে নিরাপত্তা জোরদার করতে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হয়।
অন্যদিকে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতায় মমতার বাসভবনের সামনে বিজেপি কর্মীরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দেন, যা রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।
এর মধ্যেই ফেসবুক লাইভে এসে দলীয় নেতাকর্মীদের শান্ত ও আত্মবিশ্বাসী থাকার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, ফলাফলে বিজেপির জয়ের খবর আগে দেখানো হচ্ছে—যা তাদের কৌশলের অংশ।
তিনি আরও বলেন, ‘আমি আগেই বলেছি, ওদের ফল আগে দেখাবে, আমাদেরটা পরে দেখাবে।’ পাশাপাশি দাবি করেন, প্রায় ১০০টি কেন্দ্রে গণনা বন্ধ রাখা হয়েছে এবং কল্যাণীতে সাতটি ইভিএম মেশিন ধরা পড়েছে।
বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে, আর চূড়ান্ত ফলাফলের দিকেই এখন তাকিয়ে আছে সবাই।




















