যশোরে এক যুবক ‘হানিট্র্যাপ’ চক্রের শিকার হয়েছেন। ফেসবুকের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে তাঁকে ভিডিও’কলে অনৈতিক কর্মকাণ্ডে বাধ্য করা হয়। এরপর সেই দৃশ্যের স্ক্রিনশট ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল এবং মারধর করে ৫০ হাজার টাকা চাঁদাদাবি করার অভিযোগ উঠেছে।
গত বুধবার (১ অক্টোবর) দুপুরে শহরের ষষ্ঠীতলার পিটিআই রোড মোড় এলাকায় ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে ভুক্তভোগী যুবক যশোর সদর উপজেলার বারীনগর এলাকার বাসিন্দা কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশ অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে দুটি রামদা উদ্ধার করেছে, তবে কাউকে আটক করতে পারেনি।
প্রেমের ফাঁদ ও ব্ল্যাকমেইল
কোতোয়ালি থানায় দায়ের করা অভিযোগে ভুক্তভোগী উল্লেখ করেন, ফেসবুকের মাধ্যমে মিম নামে এক তরুণীর সঙ্গে তাঁর পরিচয় হয় এবং পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তাঁরা ভিডিও’কলে কথা বলার সময় অনৈতিক কর্মকাণ্ড করেন।
এরপর মিম তাঁকে জানান যে যশোর জিলা স্কুলের অনেক ছাত্রও তাঁর সাথে একই ধরনের অনৈতিক কাজ করেছে। মিম ওই ছাত্রদের অশ্লীল ছবি দেখিয়ে ভিকটিমকে তাঁদের কাছ থেকে টাকা এনে দিতে বলেন। ভুক্তভোগী ফেসবুকে ছাত্রদের কাছে টাকা চাইলে তাঁরা দিতে অস্বীকার করেন। বিষয়টি মিমকে জানালে তিনি যোগাযোগ বন্ধ করে দেন এবং ভিকটিমের নগ্ন ছবির স্ক্রিনশট কয়েকজনের কাছে পাঠিয়ে দেন, যার মধ্যে ষষ্ঠীতলা এলাকার তাসিন মাহমুদ জিসান অন্যতম।
নগ্ন ভিডিও ধারণ ও চাঁদাবাজি
নিজের নগ্ন ছবির স্ক্রিনশট পাঠানোর বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী গত ৩০ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে ছবি ডিলিট করার প্রতিশ্রুতিতে তাসিন মাহমুদ জিসানের বাড়িতে যান।
সেখানে যাওয়ার পর তাসিন মাহমুদ জিসান ও তাঁর সহযোগীরা তাঁকে ফের নগ্ন করে মোবাইলে ভিডিও ধারণ করেন এবং মারধর করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। প্রাণের ভয়ে ভুক্তভোগী তাৎক্ষণিক ১৫ হাজার টাকা তাঁদের হাতে তুলে দেন। এছাড়া চক্রের সদস্যরা তাঁর দামি মোবাইল ফোনসেটটিও কেড়ে নেন।
পরের দিন, অর্থাৎ ১ অক্টোবর বিকেলে বাকি ৩৫ হাজার টাকা এনে দেওয়ার কথা বলে তিনি কৌশলে সেখান থেকে পালিয়ে যান এবং বিষয়টি কোতোয়ালি থানায় জানান।
পুলিশের অভিযান, রামদা উদ্ধার
ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ওইদিনই (১ অক্টোবর) গভীর রাতে কোতোয়ালি থানা পুলিশ তাসিন মাহমুদ জিসানের ষষ্ঠীতলার বাড়িতে অভিযান চালায়।
এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশের এসআই আল আমিন হোসেন জানান, অভিযান চালালেও অভিযুক্তদের কাউকেই খুঁজে পাওয়া যায়নি। তবে ওই বাড়ি থেকে ২টি রামদা উদ্ধার করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
শিরোনাম:
যশোরে ‘হানিট্র্যাপ’ চক্রের শিকার যুবক, ভিডিও’কলে ব্ল্যাকমেইল ও মারধরের পর চাঁদাবাজি
-
নিউজ ডেস্ক - আপডেট: ০২:৫১:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- ৫৫৯
সর্বাধিক পঠিত


























