যশোরের শার্শা উপজেলার অগ্রভুলাট সীমান্ত এলাকায় বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে ২৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপসহ হাফিজুর রহমান (৪৮) নামে এক কথিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটক হাফিজুর রহমান শার্শা উপজেলার গোগা ইউনিয়নের অগ্রভুলাট গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৫ জুলাই) রাতে অগ্রভুলাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবি ও র্যাবের একটি যৌথ দল চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানের একপর্যায়ে ২৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপসহ হাফিজুর রহমানকে আটক করা হয়।
বিজিবি অধিনায়ক আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আটক হাফিজুর রহমানকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তা।
মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনীর এমন যৌথ অভিযান অব্যাহত থাকলে মাদক পাচারকারীদের নেটওয়ার্ক ভেঙে দেওয়া সম্ভব হবে বলে মনে করছেন স্থানীয়রা।




















