যশোরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বসুন্দিয়া ইউনিয়ন শাখার সদস্য মুন্না বিশ্বাসকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) দুপুরে যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মুন্না বিশ্বাস যশোর সদর উপজেলার কেফায়েতনগর গ্রামের নুর আলী বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, গত ৬ জুন রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে যশোর সদর উপজেলার জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের ষড়যন্ত্রের উদ্দেশ্যে সমবেত হন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, তারা ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয় মাঠসংলগ্ন বসুন্দিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে কার্যালয়ে থাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, তারিকুল ইসলাম ও অনিন্দ্য ইসলাম অমিতের ছবি, ব্যানার, পোস্টার, চেয়ার-টেবিল ভাঙচুর এবং লুটপাট চালানোর অভিযোগ রয়েছে।
ওই মামলায় জড়িত থাকার অভিযোগে মুন্না বিশ্বাসকে আটক করা হয়েছে। শনিবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।





















