যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে অভিযান চালিয়ে রান্নাঘরের মাটির নিচ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার (গতকাল) সন্ধ্যা রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু হাসনাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে দৌলতদিহি গ্রামের একটি বাড়িতে অস্ত্র লুকানো আছে। খবর পাওয়ার পর ওসির নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে রান্নাঘরের মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় একটি পিস্তল উদ্ধার করা হয়।
ওসি আবু হাসনাত খান বলেন, “তাৎক্ষণিকভাবে পিস্তলটির ধরন নির্ণয় করা সম্ভব হয়নি, তবে এটি বিদেশি পিস্তল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
এ ঘটনায় অভিযুক্ত শাকিল হোসেন পলাতক রয়েছেন। তিনি ওই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।
এদিকে, শাকিলের মা সখিনা বেগম জানান, “প্রায় এক সপ্তাহ আগে আমার ছেলে রান্নাঘরের মাটির নিচে পিস্তলটি পুঁতে রেখেছিল। আমি নিজ চোখেই তা দেখেছিলাম, কিন্তু ভয়ে কাউকে কিছু বলার সাহস পাইনি। শনিবার পুলিশ এসে সেই অস্ত্রটি উদ্ধার করে।”
এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত শাকিল এলাকায় চুরি, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
যশোরে রান্নাঘরের মাটির নিচ থেকে পিস্তল উদ্ধার, অস্ত্রসহ অভিযুক্ত পলাতক
-
নিউজ ডেস্ক - আপডেট: ০১:২০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- ৫৭২
সর্বাধিক পঠিত

























