যশোরের বেনাপোল সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ ৪০ হাজার ৫০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনব্যাপী যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপির টহলদল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় ১১৫ বোতল নেশাজাতীয় দ্রব্য, ১৯১টি শাড়ি, তিনটি থ্রি-পিস, একটি কম্বল, ১০৩টি চাদর, ১৮ প্যাকেট ফুচকা, এক প্যাকেট কিশমিশ, ৪৬০টি চকলেট এবং ৩৭৩টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৪০ হাজার ৫০০ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, এসব অভিযানের মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।



















