নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. ছলিম উদ্দিন তরফদার ও তাঁর স্ত্রী শামীমা আক্তার শিরিনের ২৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, শামীমা আক্তার শিরিন তাঁর স্বামীর সহায়তায় পারস্পরিক যোগসাজশে ১ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন বলে অভিযোগ রয়েছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, সরকারি দায়িত্ব পালনের সময় অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে প্রভাব বিস্তার ও আর্থিক সহায়তার মাধ্যমে তাঁরা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
দুদকের দাবি, দুই আসামি তাঁদের ব্যাংক হিসাবে থাকা অর্থসহ অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলার নিষ্পত্তির আগে এসব সম্পদ সরিয়ে নেওয়া হলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় সম্পদ সুরক্ষিত রাখা এবং সম্ভাব্য হস্তান্তর ঠেকাতে দুদক আদালতে ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার আবেদন জানায়। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁদের ২৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন।



















