যশোর সদর উপজেলায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোরের শার্শা উপজেলার পশ্চিমকোটা গ্রামের হাফিজুর রহমানের ছেলে ইয়াছিন গাজী (২৬) ও একই গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুল গফ্ফার (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, ২৮ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল মহাসড়কের নিউ আকিজ পেট্রোলিয়াম লিমিটেডের সামনে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় একটি প্রাইভেটকারে থাকা ইয়াছিন গাজী ও আব্দুল গফ্ফারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
যশোর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



















