দীর্ঘ বিরতির পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরের মাঝামাঝি সময়ে দেশে ফিরতে পারেন বলে তাঁর ঘনিষ্ঠ একটি সূত্রে জানা গেছে। তাঁর দেশে ফেরা নিয়ে সরকার সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে।
তারেক রহমানের একজন ঘনিষ্ঠ উপদেষ্টা বলেন, “অনেক যদি-কিন্তুর পর এখন স্পষ্ট যে আমাদের নেতা নভেম্বরের মাঝামাঝি দেশে ফিরতে চান। নভেম্বরের ১০ থেকে ২০ তারিখের মধ্যে তিনি ঢাকার উদ্দেশে লন্ডন ছাড়তে পারেন।”
দলীয় সূত্রগুলো জানায়, তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে একটি বাণিজ্যিক ফ্লাইটে যাত্রা করবেন। দেশে ফেরার আগে তিনি ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যেতে পারেন। জানা যায়, গত কয়েক মাসে তারেক রহমান লন্ডনে প্রভাবশালী কূটনীতিক, যেমন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সেখানে তিনি দেশে ফেরার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সম্প্রতি জানিয়েছেন যে তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, তবে চূড়ান্ত তারিখ এখনও নির্ধারিত হয়নি।
দলীয় সূত্র আরও জানায়, যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে ট্রাভেল পাস ইস্যুসহ তাঁর দেশে ফেরার সব প্রক্রিয়া চলছে। তারেক রহমান বর্তমানে ‘ইনডেফিনিট লিভ টু রিমেইন’ (আইএলআর) স্ট্যাটাসে যুক্তরাজ্যে বসবাস করছেন। এই স্ট্যাটাস তাঁকে সেখানে স্থায়ীভাবে বসবাস, কাজ ও পড়াশোনার সুযোগ দেয় এবং ব্রিটিশ নাগরিকত্বের জন্যও আবেদন করা যায়।
নিরাপত্তা প্রস্তুতি:
দলীয় প্রধান খালেদা জিয়ার জন্য একটি বুলেটপ্রুফ মিনিবাস এবং তারেক রহমানের জন্য একটি বুলেটপ্রুফ এসইউভি (SUV) কেনার প্রক্রিয়া চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে গাড়ি দুটির অনুমোদন দিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, “তারেক রহমান দেশে ফিরলে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব। বিএনপির সব যৌক্তিক অনুরোধ বিবেচনা করা হবে।”
বিএনপির নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন, “২০২৪ সালের ৫ আগস্টের ঘটনার পর গণতন্ত্রের নতুন যাত্রায় নানা বাধা আসতে পারে। এই যাত্রায় তারেক রহমান সামনে থেকে নেতৃত্ব দেবেন, তাই তাঁর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।”
০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
শিরোনাম:
নভেম্বরের মাঝামাঝি দেশে ফিরছেন তারেক রহমান? সর্বোচ্চ নিরাপত্তা দেবে সরকার
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৯:৩৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- ৬০১
সর্বাধিক পঠিত


























