যশোরের শার্শায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ টিটন হোসেন (২৪) ও শামীম হোসেন (২৫) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার বসতপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার বিকেলে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুর ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক খান শরীফুল ইসলামের নেতৃত্বে এসআই চঞ্চল কুমার বিশ্বাসসহ পুলিশের একটি দল বসতপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বসতপুর বাজার থেকে গোগা বাজারগামী পাকা সড়কের মনিরের ড্রাগন বাগানের সামনে থেকে টিটন হোসেন ও শামীম হোসেনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে টিটন হোসেনের হেফাজত থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে আটক দুজনের বিরুদ্ধে এর আগেও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
শার্শা থানার ওসি মো. শামিনুর ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।




















