রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আজ মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ সভা শুরু হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ আগস্ট।
মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ চলবে।
রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি, ভোটগ্রহণের সার্বিক ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আজকের প্রস্তুতিমূলক সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে।




















