কিশোরী ধর্ষণের মামলায় নেত্রকোনার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়া (৩৩)কে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (৭ আগস্ট) ভোরে র্যাব-১৪-এর একটি দল ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মহিষারন গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে নেত্রকোনা মডেল থানায় হস্তান্তর করা হয়।
দুপুরে র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, র্যাবের কাছ থেকে তাকে বুঝে নেওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া গ্রামের বাসিন্দা রিপন মিয়া পেশায় কাঠমিস্ত্রি হলেও ‘রিপন ভিডিও’ নামে ফেসবুকে আঞ্চলিক ভাষার কনটেন্ট তৈরি করে পরিচিতি পান। পরবর্তীতে বিভিন্ন প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় দেশ-বিদেশ ভ্রমণসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় আসেন।
মামলার এজাহার অনুযায়ী, নিজের গ্রামের এক কিশোরীকে কনটেন্ট ক্রিয়েটর বানানোর প্রলোভন দেখিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন রিপন। অভিযোগ রয়েছে, গত ৩০ জুলাই স্থানীয়রা তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা ও সালিশ হয়। অভিযোগ অনুযায়ী, ৩ আগস্ট রাতে স্থানীয় একটি সালিশে রিপনের বিরুদ্ধে ৫ লাখ টাকা জরিমানা এবং গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এরপর পুলিশ কিশোরীর পরিবারকে মামলা করতে সহায়তা করে। গত ৫ আগস্ট কিশোরীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে নেত্রকোনা মডেল থানায় রিপন মিয়াকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন।
মামলার পর আত্মগোপনে থাকা রিপন মিয়াকে শুক্রবার ভোরে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।
উল্লেখ্য, মামলার অভিযোগগুলো বর্তমানে তদন্তাধীন। অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত রায়ের আগ পর্যন্ত অভিযুক্ত আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।




















