বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভারত থেকে আমদানি করা ২ দশমিক ০৩ মেট্রিক টন টিয়ার গ্যাস সেল বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে পৌঁছেছে। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে চালানটি যশোর সেনানিবাসে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ভারতীয় সরবরাহকারী প্রতিষ্ঠান নরেন্দ্র এক্সপ্লোসিভ লিমিটেড থেকে আমদানি করা ১৪৫টি কাঠের বাক্সে সংরক্ষিত টিয়ার গ্যাস সেলের চালানটি বেনাপোল বন্দর ত্যাগ করে। পরে একটি বাংলাদেশি কাভার্ড ভ্যানে করে সেটি যশোর সেনানিবাসে নেওয়া হয়।
বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডের ওয়ারহাউস ইনস্পেক্টর শাহাদৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বন্দর সূত্রে জানা গেছে, আগামী ৯ আগস্ট যশোর সেনানিবাস থেকে চালানটি গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরিতে (বিওএফ) স্থানান্তর করা হবে।
চালানটির নিরাপত্তা নিশ্চিত করতে বেনাপোল বন্দর থেকে শার্শা থানা পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ছয় সদস্যের একটি বিশেষ স্কট দল দায়িত্ব পালন করে। পরে শার্শা থেকে যশোর সেনানিবাস পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনীর একটি স্কট দল।
নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে চালানবাহী গাড়িটি বেনাপোল, শার্শা, নাভারণ ও ঝিকরগাছা হয়ে নিরাপদে যশোর সেনানিবাসে পৌঁছায়।




















