হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়ন জামায়াতের আমির নুরুল ইসলাম সাজলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। স্থানীয় এক জামায়াত কর্মীর স্ত্রীর সঙ্গে অনৈতিক শারীরিক সম্পর্কের অভিযোগে গ্রামবাসীর হাতে আটক হওয়ার পর অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দল।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট উপজেলা জামায়াতের আমির মো. ইদ্রিস আলী। এর আগে বুধবার উপজেলা জামায়াতের পক্ষ থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, অভিযোগটি পর্যালোচনা শেষে সাংগঠনিক শৃঙ্খলা ও দলের ভাবমূর্তি রক্ষার স্বার্থে নুরুল ইসলাম সাজলকে ইউনিয়ন জামায়াতের সভাপতির পদসহ দলীয় সব ধরনের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গজারিয়া পাড় এলাকায় এক প্রতিবন্ধী জামায়াত কর্মীর স্ত্রীর সঙ্গে অনৈতিক অবস্থায় নুরুল ইসলাম সাজলকে গ্রামবাসী আটক করেন। পরে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমানের মধ্যস্থতায় প্রাথমিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয় এবং অভিযুক্তের বড় ভাই কাজল মিয়ার জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।
পরবর্তীতে উপজেলা ও স্থানীয় জামায়াত নেতারা অভিযোগটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেন। অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
চুনারুঘাট উপজেলা জামায়াতের আমির মো. ইদ্রিস আলী বলেন, “নুরুল ইসলাম সাজলের বিরুদ্ধে ওঠা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর স্থানীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গাজিপুর ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মাওলানা মো. আব্দুল মতিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে নুরুল ইসলাম সাজলের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
উল্লেখ্য, সম্প্রতি রাজশাহী ও বগুড়াতেও পৃথক অভিযোগে জামায়াতে ইসলামীর দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। রাজশাহীর পবা উপজেলায় এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে ওয়ার্ড পর্যায়ের রুকন ওমর ফারুককে দল থেকে বহিষ্কার করা হয়। এছাড়া বগুড়ার ধুনট উপজেলায় এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে জামায়াত নেতা মোশাররফ হোসেনের রুকনিয়াত বাতিল করা হয়।




















