গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের কথিত একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওতে আসামির ‘চালান’ ও অর্থ লেনদেন নিয়ে কথোপকথনের দাবি করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে।
ভাইরাল অডিওতে শোনা যায়, তিনি ডিউটিতে যাওয়ার কথা উল্লেখ করে বলেন, নির্ধারিত সময়ে ‘চালান’ না হলে টাকা ফেরত দিতে হবে। এছাড়া পরদিন যেকোনোভাবে চালানের ব্যবস্থা করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। অডিওতে আরও শোনা যায়, অন্য একজনের মাধ্যমে টাকা নেওয়ার বিষয়েও তিনি কথা বলছেন বলে দাবি করা হচ্ছে।
কারাগারের একাধিক সূত্রের দাবি, গাজীপুর জেলা কারাগারে গুরুত্বপূর্ণ পোস্টিং ও ডিউটি বণ্টনে আব্দুস সাত্তারের প্রভাব রয়েছে। নতুন চাকরিতে যোগদানের কয়েক মাসের মধ্যেই তিনি ‘সিআইডি ডিউটি’র মতো সংবেদনশীল দায়িত্ব পান। এছাড়া মোবাইল ডিউটি, সাক্ষাৎ কক্ষ, স্লিপ লেখা ও আরপি ডিউটিসহ বিভিন্ন দায়িত্ব পালনের সময় অনিয়মের মাধ্যমে অবৈধ অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুস সাত্তার বলেন, ‘আপনি রেকর্ড কোথায় পেলেন? একপক্ষের কথায় তো কিছু হয় না। এখানে শুধু আমার কণ্ঠ। আমি একটি ছোট চাকরি করি, মানসম্মান নিয়ে টানাটানি করে লাভ কী? বর্তমান সময়ে অনেক কিছুই তৈরি করা যায়। এই ভয়েস নিয়ে অনেক সংবাদ হয়েছে। অযথা হয়রানি করবেন না।’
এ বিষয়ে বক্তব্য জানতে গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদেরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।





















